বিকৃত সমাজ স্বীকৃত আজ
by Ashim Sahu
খুব চিন্তায় পড়ে এসেছি, বাবু! উপায় দেন কিছু— ছেলের এমন মতিগতি দেখে হচ্ছে মাথা নিচু। মাধ্যমিকের রেজাল্ট এ দেখি, ফার্স্ট হয়েছে স্কুলে; পড়া নিয়েই মাতামাতি শুধু, মুঠোফোন গেছে ভুলে! এইতো সেদিন রিল-এ দেখলাম, Prank e কত টাকা! লিংক পাঠালে বলে ছেলে, "এদের জ্ঞানের পরিধি ফাঁকা।" বললাম, "বাছা, শোনো কথা মোর, 'baddie_rinku' কে ফলো কর!" বলে কিনা— জ্ঞানের বিস্তার ঘটিয়ে হতে চায় জাত্তিস্বর! কষ্ট করে করলাম বড়ো, তার এই কি প্রতিদান? উচ্চশিক্ষার আবেদন করে ডোবালো সম্মান! শিক্ষিত হয়ে বংশ টা মোর ভগ্ন দশায় ছিল, বংশে প্রথম টিকটক করে জেলেছি নতুন আলো। Maggie সাথে আইসক্রিম আর চায়ে মিশিয়েছি ডাল, সেই থেকে "ক্রেজি_সংকর" আমি হলাম ভাইরাল! ওর মা ও কিছু কম যায়না— "hotty_saweta_রায়"; তার ছেলে বলে, "সাহিত্যিক হবে, দেখি কে আটকায়!" শুনে বাবু বলে, "বিপদ ভারী, আর অপেক্ষা নয়! কাল থেকে মোর ক্লাসে পাঠিয়ো, আমি 'influencer_joy'। যুগ বহুকাল পাল্টে গেছে, পয়সা লাগে শিক্ষা লাভে? মুখ ভেঙ্গিয়ে কোমর নাচাও, ঘরে তুমি লক্ষ্মী পাবে! শালীনতার পর্দা খুলে, ঝাঁপাও একটু ক্যামেরা তুলে, হ্যাংলা বুড়ো ড্যাবডেবিয়ে দেবে তোমায় টাকার থলে! শিখিয়ে দেবো কাজের ধরন, বুঝিয়ে দেবো সমাজ টা কি— থু থু করে শিক্ষা পাতে, লক্ষ্মী ছেলে আসবে ফিরে।"
Meet Ashim Sahu on Unheard Voices, their story in their own words.
Published on the Writory Wall, where poets share work the world can read. Enter the October contest and have your own poem read and scored.